প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক। সংগৃহীত ছবিজাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক লিখেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত বলেও জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্রে ওসমান ফারুক সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে অবহিত করেছেন।
ওসমান ফারুক আরও লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে তার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৩ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদকে জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর স্পিকার সেটি হাতে পান।
সূত্র জানায়, স্পিকারকে উদ্দেশ করে ওসমান ফারুক লিখেছেন, তিনি আশা করেন তার এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।
এসময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক।
ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।
২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ফারুক বিজয়ী হন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন।
সময়ের আলো/ইউএমএইচ