অসুস্থতা ও চিকিৎসার কারণে এলাকায় নিয়মিত উপস্থিত থাকতে না পারায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুককে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। সংসদের নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ওসমান ফারুক। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পান।
তবে নির্বাচনের আগে তার মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরেও মতবিরোধ দেখা দিয়েছিল। দলের স্থানীয় কয়েকটি পক্ষ তার মনোনয়ন বাতিলের দাবিতে সরব হয়েছিল। এরপরও দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় তার নিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ থেকেই তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
এর আগে, ২০২৬ সালের জুলাইয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার সময় সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবেও ওসমান ফারুকের নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছিল। তবে সে সময়ও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০১৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে যান। দীর্ঘ আট বছর পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন তিনি।
সময়ের আলো/এসকে