প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব চলছেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ব্যাপক ভাঙচুর ও নাশকতা করেন দলটির নেতাকর্মীরা। বিএনপি ও যুবদলের কার্যালয়ে দেওয়া হয় আগুন। এ ঘটনায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ওই অঞ্চলের নেতাদের ডেকে রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। নিজেদের মধ্যে ভেদাভেদ দূরে রেখে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন।
একই সঙ্গে এ মুহূর্তে সতর্ক ও কৌশলী থাকার পরামর্শ দিয়েছেন। তবে কোনো উসকানিতে পা ফেলা যাবে না। নেতারাও দলের চেয়ারম্যানের কাছে এলাকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তাদের দাবি, আশাপাশের কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগ তাদের সশস্ত্র ক্যাডারদের গোপালগঞ্জে জড়ো করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত বছর এনসিপির সঙ্গে ব্যাপক সংঘাতে জড়ান তারা। কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা প্রেস ক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করে।
বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি এবং গোপালগঞ্জ কলেজের নামফলক ভেঙে তালাবদ্ধ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের প্রাণহানি এড়িয়ে ধৈর্যের সঙ্গে কিন্তু কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ, বিজিবি ও বিশেষ বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার ও ক্ষমতাসীন দল বিএনপি। পরিস্থিতি দেখে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে।
যদিও এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকার ও দল। এখনই পাল্টা প্রতিরোধে না গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। তখন তারা বলেছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। বিকাল সোয়া ৫টার দিকে ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়।
এসব ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়েছেন। রোববার রাতে ফরিদপুর অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক নেতা ও এমপিদের ডেকে গুলশানে বৈঠক করেন তিনি।
গোপালগঞ্জসহ আশপাশের ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের এমপিরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপি চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন, রাজপথে কেউ অহেতুক অরাজকতা বা নাশকতা সৃষ্টি করলে সরকার ও দল তা কঠোরভাবে মোকাবিলা করবে। সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি আসনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন তিনি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী সময়ের আলোকে বলেন, আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। বিএনপি সরকার উদার গণতান্ত্রিক দল; চাইলেই হঠকারী কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না। বলপ্রয়োগ করলে প্রাণহানি হবে। দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। পরিস্থিতি আরও ঘোলাটে হবে।
আওয়ামী লীগ তাদের পূর্বের চেহারায় ফিরে আসছে। এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। আশপাশের এলাকা মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর থেকে লোকজন নিয়ে এসে গোপালগঞ্জে তাণ্ডব চালাচ্ছে। এখন তারা সশস্ত্র অবস্থায় আছে। তাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ না দিলে দল হিসেবে আমরা তো তাদের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতে পারি না। তবে নেতাকর্মীরা সংঘাত এড়াতে সজাগ ও সতর্ক থাকবে। নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতা থেকে মাঠে থাকবে।
ওই অঞ্চলের আরেক এমপি সময়ের আলোকে বলেন, গোপালগঞ্জের ঘটনাবলির দিকে সরকার কড়া নজর রাখছে এবং পরিস্থিতি বিবেচনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলের চেয়ারম্যান বিএনপির সব কমিটির সুপার ফাইভকে এক হতে বলেছেন। কোনো গ্রুপিং আর চলবে না। ফ্যাসিবাদ ঠেকাতে পারলে বহু গ্রুপ করা যাবে। কিন্তু এখন দলে ভেদাভেদের সময় নয়। সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে।
এ জন্য আমাদের সাংগঠনিক অবস্থা আরও জোরদারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দল ক্ষমতায়; আর সংগঠন যদি এখনও আগের মতো থাকে তা হলে তো মুশকিল। তিনি জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনে শরিকদের সংকট মোকাবিলায় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন। জাতীয় স্বার্থে ঐক্য অব্যাহত রাখায় জোর দিয়েছেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাশেদ খান আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, নির্বাচিত একটি সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি মাঠে থেকে সহযোগিতা করবে। দলটির যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলেও মন্তব্য করেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি এখনও থেমে নেই। তারা দেশের ভেতরে এবং বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে