প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৬ এএম
জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীতজাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে কর্মশালা করেছে বিএনপি। এতে অংশ নেওয়া ছাত্রনেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দিয়েছেন সাংগঠনিক নানা দিকনির্দেশনা। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার জন্য ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় ও ১৩টি মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।
কর্মশালায় অংশ নেওয়া ছাত্রদলের এক নেতা সময়ের আলোকে জানান, সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রকাশিত বইয়ের আলোকে কর্মশালাটি আয়োজন করা হয়। এর শিরোনাম ছিল ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন ও ডা. জিয়া হায়দার, ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
ওই ছাত্রনেতা জানান, কর্মশালার শেষ দুই থেকে আড়াই ঘণ্টা প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্মশালায় কী শেখানো হয়েছে এবং অংশগ্রহণকারীরা কী অর্জন করেছেন, তা জানতে চান। ছাত্রনেতাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। সবশেষে কর্মশালায় আলোচিত বিষয়গুলোর ওপর নেওয়া পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্প্রতি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা, অর্জন ও বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রকাশনাটি শুধু সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সংকলন নয়; বরং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার তথ্যনির্ভর প্রামাণ্য দলিল হিসেবেও বিবেচিত হবে।
সময়ের আলো/এসএকে