প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ছবি : সংগৃহীতসংবিধান সংস্কার বাস্তবায়নে ১৫ থেকে ২০ সদস্যের পাল্টা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। তবে এই উদ্যোগকে অপ্রয়োজনীয় এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা বলে মনে করছে বিএনপি।
গত বছরের ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। বিএনপি সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন জোটের দাবি, প্রয়োজন শুধু সংশোধন নয়, মৌলিক সংস্কার।
এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংবিধান সংশোধনের সুপারিশ প্রণয়নে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। কমিটি পেশাজীবীদের সঙ্গে ১০টি বৈঠক করেছে। এসব মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবগুলো নিয়ে গণভোট আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘সংবিধান নিয়ে সরকার যে সংশোধনের পথে যাচ্ছে, এটা এখতিয়ারবহির্ভূত। এই সংসদকে জনগণ সেই রায় দেয়নি।’
তিনি জানান, আলাদা কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের প্রয়োজনীয়তা জনগণের সামনে তুলে ধরা হবে।
তবে পাল্টা কমিটি গঠনের উদ্যোগের বিরোধিতা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার মতে, আলাদা কমিটি না করে বিরোধী দলের উচিত সরকারের গঠিত সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরা।
আলাল বলেন, ‘কিন্তু বিরোধীরা হাজির না হলে কাকে উদ্দেশ্য করে আমি কথা বলব বা কার কাছে প্রস্তাবনা চাইব?’
বিএনপির এই নেতার মতে, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য ধরে রাখার স্বার্থে সংসদীয় কমিটিতে অংশ নেওয়া জরুরি।
সময়ের আলো/এমকে