প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। ছবি : সংগৃহীতসৌদি আরব যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
সমাবেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ‘বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঘোষণা দিচ্ছি, সৌদি আরবের পাশে সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমান রয়েছে। আমরা অপেক্ষায় আছি। সৌদি সরকার যুদ্ধের জন্য আহ্বান করলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান তাদের পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত।’
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি আরবের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল। সে সময়ও বাংলাদেশ সৌদি আরবের পাশে ছিল, এখনো রয়েছে।
খেলাফত আন্দোলনের আমির আরও বলেন, সৌদি আরবে হামলার ঘটনায় হুথিদের জাতিসংঘের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা হামলা চালিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজনে বিশ্ব মুসলিম ঐক্যের আহ্বান জানালে বাংলাদেশের মুসলমানসহ সারা বিশ্বের মুসলমানদের পাশে পাওয়া যাবে।
সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
সময়ের আলো/এমকে