প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীতশেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনা ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’, তাই তার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র ও শ্রমিক হত্যার দায়ে শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে। তার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই বিক্ষোভ কর্মসূচি।
শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনিও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
আওয়ামী লীগের নেতাদের বিদেশে অবস্থান নিয়েও সমালোচনা করেন রিজভী। তার অভিযোগ, দলটির নেতারা কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্যদিকে দেশে তৃণমূলের কর্মীদের দিয়ে বোমা বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড করানো হচ্ছে।
বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী শক্তি মাথা নত করেনি। ফ্যাসিবাদ প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এমকে