প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২১ এএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবিঢাকা সেনানিবাসের মঈনুল রোডের ৬ নম্বর বাড়ি ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১০ সালের ১৩ নভেম্বর তাকে ওই বাসভবন থেকে উচ্ছেদ করা হয়। দীর্ঘ ৩৮ বছরের স্মৃতিবিজড়িত বাড়িটি ছেড়ে যাওয়ার সময় ‘আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেছিলেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সেই ঘটনার ১৬ বছর পূর্ণ হলো।
বাড়িটি শুধু খালেদা জিয়ার আবাসস্থল ছিল না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সাক্ষী। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দীর্ঘদিন এই বাড়িতেই বসবাস করেছেন তিনি। এখান থেকেই শুরু হয়েছিল তার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা।
১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। এর আগে ১৯৭২ সাল থেকে স্বামী জিয়াউর রহমানের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন তিনি। জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান থাকাকালে এই বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হলেও বাড়িটি ছেড়ে যাননি।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার বাড়িটির বরাদ্দ বাতিলের উদ্যোগ নেয়। এ নিয়ে আইনি লড়াইয়ের পর ২০১০ সালের ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বাড়িটি ছাড়েন খালেদা জিয়া। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হন।
বাড়ি ছাড়ার পর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এক কাপড়ে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আদালতের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন।
প্রায় চার দশকের স্মৃতিবিজড়িত বাড়িটি ছেড়ে যাওয়ার ঘটনা সে সময় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাড়িটি ঘিরে বিএনপি ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মধ্যে দীর্ঘদিন রাজনৈতিক ও আইনি বিরোধ চলেছিল।
সময়ের আলো/কেএইচও