সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীতসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। এ সময় হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।
তিনি লেখেন, হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!
তিনি আরও লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।
পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির বক্তব্য স্মরণ করে মিতু লেখেন, হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!
লরেন্স বিষ্ণোই ভারতের একটি অপরাধী চক্রের প্রধান। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বলিউড তারকাদের হুমকি দেওয়ার বিভিন্ন ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে এসেছে।
তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই বা তার গ্যাংয়ের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও