রাষ্ট্রীয় প্রটোকলে বয়োজ্যেষ্ঠরা, নেই শুধু খন্দকার মোশাররফ

সাব্বির আহমেদ

রাজনীতি

বিরোধী দলে থাকতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানদের নাম

2026-11-15T02:20:34+00:00
2026-11-15T02:20:34+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতি
রাষ্ট্রীয় প্রটোকলে বয়োজ্যেষ্ঠরা, নেই শুধু খন্দকার মোশাররফ
সাব্বির আহমেদ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:২০ এএম 
খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
বিরোধী দলে থাকতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানদের নাম ছিল অগ্রভাগে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতায় এসে বিএনপি সরকার তাদের মধ্যে প্রায় সবাইকে রাষ্ট্রীয় প্রটোকলসহ মর্যাদার মূল্যায়ন করেছে। রাষ্ট্রপতি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন তারা। 

এ যাত্রায় শুধু বাকি আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। বয়সের ভারে কিছুটা অসুস্থ থাকলেও এখন অনেকটা সুস্থ আছেন বিএনপির স্থায়ী কমিটির এক নম্বর সদস্য মোশাররফ হোসেন। বিএনপিসংশ্লিষ্টরা বলছেন, প্রবীণ এই রাজনীতিককে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করলে সরকার আরও প্রশংসিত হবে। ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনীতির হাতেখড়ি হয় ছাত্রজীবন ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে। পরে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি মূলধারার জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা শুরু করেন।

পরে ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং সক্রিয় রাজনীতি শুরু করেন। বিএনপিতে যোগ দেওয়ার পরপরই তিনি দলের তৃণমূলে ও কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। শুরুতে তিনি কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং ১৯৯৪ সাল থেকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১ সালে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে খন্দকার মোশাররফ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হন। 

এরপর কয়েকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশাররফ। রাষ্ট্র পরিচালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় মোশাররফ হোসেন ৫৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের (ডব্লিউএইচএ) সভাপতির দায়িত্বও পালন করেন।

২০২৬ সালের গঠিত মন্ত্রিসভায় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য স্থান পেলেও প্রবীণ এই নেতাকে এখন কোনো দফতর দেওয়া হয়নি। সবশেষ ২১ আগস্ট মন্ত্রী হিসেবে শপথ নেন মোশাররফ হোসেনের সতীর্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।


রাজনৈতিক বিশ্লেষক ও দলের অভ্যন্তরীণ সূত্রগুলোর মতে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকার কারণে ড. খন্দকার মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বরাবরই আলোচনায় ছিল। এমনকি রাষ্ট্রপতি স্পিকার ও সংসদের উপনেতা হিসেবেও আলোচনায় ছিলেন তিনি। যদিও এখনও সংসদ উপনেতার পদে কাউকে নিযুক্ত করা হয়নি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুযায়ী একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকলের আওতাভুক্ত রয়েছেন। তবে মন্ত্রী কিংবা উপদেষ্টার মতো কোনো নির্বাহী বা শীর্ষ সাংবিধানিক পদে এখনও অধিষ্ঠিত না হওয়ায় সেই পর্যায়ের বিশেষ রাষ্ট্রীয় প্রটোকল তিনি পাচ্ছেন না।

তিনি মনে করেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা বজায় রাখতে অভিজ্ঞ নেতৃত্বের গুরুত্ব নিয়ে নানা মহলে আলোচনা চলছে। খন্দকার মোশাররফ হোসেন যেকেনো দায়িত্ব পালনে এখনও বেশ পারঙ্গম। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিদায়ি স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রবীণতম সংসদ সদস্য হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। নতুন স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত অধিবেশন পরিচালনা করেন। সেদিন তিনি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সরকারি ও বিরোধী দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

তার মতে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে সংকট মোকাবিলা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ড. খন্দকার মোশাররফ হোসেনের মতো অভিজ্ঞ রাজনীতিকের উপস্থিতি সরকারকে গতিশীল করতে পারে।

কুমিল্লার আঞ্চলিক নেতারা বলেন, কুমিল্লা অঞ্চলের রাজনীতিতে মোশাররফ হোসেনের দীর্ঘদিনের প্রভাব রয়েছে। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং কুমিল্লাকে বিভাগ করার মতো দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন।

জানা গেছে, বয়সের ভার এবং সাম্প্রতিক বছরগুলোতে তার শারীরিক অসুস্থতার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণে অনেকটা সেরে উঠেছেন তিনি। 

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাহাবুল হক মনে করেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত বর্তমান প্রশাসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের মতো একজন প্রবীণ শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক মন্ত্রীর অন্তর্ভুক্তি রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতে পারে। যদিও মন্ত্রিসভার আকার বৃদ্ধি বা দফতর বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   রাষ্ট্রীয় প্রটোকল  খন্দকার মোশাররফ  সময়ের আরো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: