প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম
ছবি : সংগৃহীতযুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের বাধায় তারা সফল হননি।
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেন্ট জনস কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান।
অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগ-সমর্থকদের মুখোমুখি হন নাহিদ। এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন। ঘটনাস্থলে থাকা এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব এম এ হিমেল ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে দুই পক্ষের সমর্থকদের বাদানুবাদ এবং নাহিদকে বহনকারী গাড়ি ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
হিমেল ভিডিওর ক্যাপশনে লিখেন, আওয়ামী লীগ-সমর্থকেরা নাহিদের কোনো ক্ষতি করতে পারেননি। আরেকটি ভিডিওতে এনসিপি-সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ বরাবরই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করে। শনিবার রাতেও এমন চেষ্টা করা হলেও তারা সফল হয়নি। নাহিদ অনুষ্ঠান শেষ করে নিরাপদে স্থান ত্যাগ করেছেন। বাইরে আওয়ামী লীগের লোকজন স্লোগান দিয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগ-সমর্থকেরা জড়ো হয়ে স্লোগান দিলেও এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত থাকায় তারা সুবিধা করতে পারেনি। তার দাবি, যুক্তরাজ্যে নাহিদ ইসলাম ও এর আগে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার পেছনে একই ব্যক্তি সংগঠক হিসেবে রয়েছেন।
ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, বাংলাদেশ সরকার চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে অথবা তাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে পারে।
সময়ের আলো/জেডি