প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি : সময়ের আলোপ্রয়োজনে সরকার পতনের আন্দোলনে নামতেও পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সরকার সহযোগিতার মনোভাব না দেখালে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, এক হাতে তালি বাজবে না। শুধুমাত্র আমরা সহযোগিতা প্রদানের ইচ্ছাপোষণ করবো, আমরা আন্তরিকতা প্রদর্শন করবো, আর সরকার শুধুমাত্র আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করবে। সরকার সহযোগিতার কোনো চিন্তাও করবে না!
তিনি আরও বলেন, আমরা গায়ে পড়ে সরকারকে সহযোগিতা করতে চাইলাম। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য, জনগণের জন্য ভূমিকা পালন করতে রাজপথে নেমেছি। প্রয়োজনে সরকার পতনের আন্দোলন করতে হলেও আমরা একচুল পরিমাণ পিছপা হবো না।
আন্দোলনে নামতে ছয় মাস সময় নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আন্দোলনে নামতে ৬ মাস সময় নিয়েছি। কিন্তু বর্তমান সরকার জাতির সাথে গাদ্দারি করতে ৬ মিনিট সময় নেয় নাই।
সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সিগঞ্জের সড়ক দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসাইন নূরানীর সভাপতিত্বে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা অংশ নেন।
সময়ের আলো/এমকে