প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:১২ এএম
ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে গভীর রাতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে কাকরাইল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
মিছিল থেকে ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা’ এবং ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনামুল খন্দকার এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি