জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের অবদানের স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই বুধবার ছাত্রদলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ আয়োজন করা হবে। এতে ওই দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা এবং পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের বাইরে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই শনিবার ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হবে। এরপর ২০ জুলাই সোমবার গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলী নিয়ে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। একই দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকের আয়োজন করা হবে।
২২ জুলাই বুধবার জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখাতেও পালন করা হবে।
এছাড়া ২৪ ও ২৫ জুলাই যথাক্রমে শুক্রবার ও শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সময়ের আলো/আরবিএন