পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত নীতি, পরিকল্পনা ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারে ৪০ সদস্যের জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি) গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিতে সদস্য হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, অর্থ, স্বাস্থ্য, পরিকল্পনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সড়ক পরিবহন ও সেতু; এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা থাকবেন। এছাড়া খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন ওই জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিকল্পনা কমিশনের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ওই দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ শিল্প ওই বণিক সমিতির সভাপতি এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক দুইজন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে জাতীয় পরিবেশ নীতি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের অধীনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন এবং এ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।
পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়ও কমিটি বিবেচনা করবে।
সময়ের আলো/আআ