মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজারে দিন দিন বাড়ছে কোণা পোড়া ১০ ও ২০ টাকার নোটের ব্যবহার। মাঝেমধ্যে ৫০, ৫০০, এমনকি ১ হাজার টাকার কোণা পোড়া নোটও মিলছে। এসব নোট নিতে অনীহা দেখাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। ফলে লেনদেনে সৃষ্টি হচ্ছে বিড়ম্বনা, বাড়ছে খুচরা টাকার সংকট।
শিবচর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনই তাদের ক্যাশবাক্সে কয়েকটি করে কোণা পোড়া নোট জমা হচ্ছে। অধিকাংশই ১০ ও ২০ টাকার নতুন নোট। অনেক সময় ক্রেতার কাছে বিকল্প টাকা না থাকায়, বাধ্য হয়ে নোটগুলো গ্রহণ করতে হয়। পরে অন্য ক্রেতাকে দিলে, তারা সেই নোট নিতে অস্বীকৃতি জানান। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি লেনদেনেও জটিলতা তৈরি হচ্ছে।
শিবচর বাজারের ব্যবসায়ী ফজলু বেপারী বলেন, ‘প্রতিদিনই আমাদের হাতে কয়েকটি কোণা পোড়া নোট আসে। ছেঁড়া নোট অনেক সময় লেনদেনে চালানো গেলেও, পোড়া নোট কেউ নিতে চান না। ফলে, এসব নোট নিয়ে বিপাকে পড়তে হয়।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ইয়াবা ও হেরোইনসহ কিছু মাদক সেবনের সময় নোট ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের ধারণা, আগুনের সংস্পর্শে আসায় এসব নোটের কোণা পুড়ে যায় এবং এ ধরনের কিছু নোট পরে বাজারে চলে আসে। তবে, বাজারে থাকা সব কোণা পোড়া নোট একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে- এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অর্থনীতিবিদদের ভাষ্য, ক্ষতিগ্রস্ত নোট দ্রুত বাজার থেকে প্রত্যাহার করে নতুন নোট ছাপতে হয়। এতে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয় হয় এবং মুদ্রা ব্যবস্থাপনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। তাই মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নোটের বিস্তার রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘শিবচরে কেউ মাদক বা মাদক কারবারির তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করলে, আমি ব্যক্তিগতভাবে তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করব। শিবচরকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি বিভিন্ন মহল্লায় জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছি। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
সময়ের আলো/মহু