জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের আগে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, তার অনেক কিছুই এখনো পরিবর্তন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে টেন্ডার ও বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের রাজনীতির সঙ্গে এনসিপি থাকতে চায় না।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে আয়োজিত এনসিপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে স্কুল কে চালাবে, কে টেন্ডার নেবে, কে ইটের টাকা খাবে— নতুন করে একটা রাজনৈতিক দলের নেতাকর্মী এই কাজটা শুরু করেছে। আমরা তাদের পেছনে রাজনীতি করতে পারি না।’
তিনি বলেন, ‘৫৩ বছরে যে পচা সিস্টেম তৈরি হয়েছে, সেটা দুই বছরে পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি সচেতন থাকি, তাহলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এই পরিবর্তন সম্ভব।’
পরিবর্তনের সূচনা সমাজের প্রতিটি স্তর থেকে হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবর্তনটা ঘর থেকে শুরু হতে হবে। পরিবর্তনটা মিডিয়াতেও হতে হবে। আমরা দেখি, মাঠের সাংবাদিকরা তথ্য পাঠান, কিন্তু প্রধান কার্যালয়ে গিয়ে শুধু সরকারের প্রশংসার খবরগুলো প্রকাশ পায়, সমালোচনাগুলো নয়। মিডিয়া, প্রশাসন ও ব্যবসা যদি দলীয়করণ হয়, তাহলে এ দেশের পরিবর্তন সম্ভব নয়।
সারজিস আরও বলেন, আমরা আর কোনো ওসমান হাদিকে হারাতে চাই না।
সময়ের আলো/কেএইচও