খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আসামি মুকুল কাগজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে মুকুল গাজীর সঙ্গে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মোছা. হেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এরপর থেকে মুকুল, হেনাকে প্রায়ই মারধর করত। বিষয়টি বাবাকে অবগত করলে, সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মিলেমিশে থাকার কথা বলে।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্য সোয়া ৬টার দিকে উপজেলার শান্তিনগর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে হেনাকে আবার মারধর করলে, বিষয়টি তার ফুফুকে অবগত করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান হেনা। পথিমধ্যে আশিকের ভিটায় পৌঁছালে, পেছন থেকে মাথায় ইট দিয়ে তাকে আঘাত করেন মুকুল। মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
নিহতের বাবা বিল্লাল বাদী হয়ে ঘটনার পরদিন বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করে। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস মামলার আসামি মো. মুকুল কাগজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সময়ের আলো/মহু