প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৭:০১ পিএম

রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্স। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্স। ছবি : সংগৃহীত রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্স থেকে প্রায় ৩৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ অর্থ চুরির মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন-গোলাম সারোয়ার, মো. আমিনুর রহমান এবং রিজওয়ানুল ইসলাম নাহিদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেফতার তিন আসামির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা যাচাইয়ের জন্য আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। পাশাপাশি পলাতক অন্যদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের লক্ষ্যেও তাঁদের রিমান্ডে নেওয়া জরুরি।
মামলার এজাহার থেকে জানা যায়, ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার নিচতলার ২১/২২ নম্বর দোকানে পূরবী জুয়েলার্স অবস্থিত। গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে নিয়মিত কার্যক্রম শেষে শোরুম বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দোকানের কর্মচারী সনজিদ শীল মোবাইল ফোনে মালিক অমিত ঘোষকে জানান, শোরুমের শাটার ও কলাপসিবল গেটের ১০টি তালা কাটা এবং ভেতরের গ্লাস ডোর ভাঙা অবস্থায় রয়েছে। এ ছাড়া ভেতরে স্বর্ণালংকার ও ডায়মন্ডের বক্সগুলো মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ২৮ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা কেটে ও গ্লাস ডোর ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।এ ঘটনায় ২৮ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করা হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে সন্দেহভাজন ওই তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
সময়ের আলো/জেডি