প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান । ছবি : সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান । ছবি : সংগৃহীতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও খুনের শতাধিক ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবীরা।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি চলছে।
নিরাপত্তার কারণে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
এর আগে, গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্কে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানায় রাষ্ট্রপক্ষ।
চলতি বছরের ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। ৮ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পূবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদ ও সুন্দরবন এলাকায় বনদস্যু দমনের নামে শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।
গত বছরের ২৩ ডিসেম্বর এ মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সময়ের আলো/এসকে