
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের নৃশংস অপরাধের বিচারে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালের নজির তুলে ধরবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। পুরো কার্যক্রমটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তার যুক্তিতর্ক কেবল বাংলাদেশের আইন বা বিচারব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ বা দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের ভয়াবহ অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার কীভাবে সম্পন্ন হয়েছে, সেই উদাহরণগুলোও তিনি আদালতে তুলে ধরবেন।
এর আগে বুধবার এ মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তারা জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে তথ্য ও আইনি ব্যাখ্যা দেন। আজ সমাপনী পর্যায়ে আসামিকে দোষী সাব্যস্ত করা এবং তার দণ্ডের বিষয়ে যুক্তি তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার মূল ঘটনাবলি উপস্থাপন করেছিলেন চিফ প্রসিকিউটর।
এর আগে গত ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি এবং সাক্ষ্য দেওয়ার সময় মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও আদালতে জমা দেন। আর ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এই সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ রয়েছে। প্রসিকিউশনের ভাষ্যমতে, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। তার আগে ১৭ ডিসেম্বর প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন।
সময়ের আলো/আতা