প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ১২:৫৮ পিএম

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের ঘটনা তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে তথ্য ও অভিযোগ সংগ্রহ করতে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধের ঘটনাই তদন্তের বাইরে রাখা হবে না। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট তথ্য ও অভিযোগ চাওয়া হয়েছে। সব ঘটনার তথ্য সংগ্রহ করে তদন্তের আওতায় আনাই এ উদ্যোগের উদ্দেশ্য।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগে যারা সহযোগিতা করেছেন, তাদেরও বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইনে এ ধরনের সহযোগিতার অভিযোগে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারও বিরুদ্ধে অপরাধে সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিচার সম্ভব।’
এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পর্যায়ক্রমে তদন্ত করা হবে। এ জন্য দেশব্যাপী তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই এবং প্রয়োজনে গণশুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, অপরাধের ব্যাপকতা বিবেচনায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সময়ের আলো/মহু