
মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্তিতর্কে অংশ নেন। ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্তিতর্কে অংশ নেন। ছবি : সংগৃহীত একের পর এক কয়েকশ মানুষকে হত্যা করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর এসব হত্যাকাণ্ড চালিয়েছেন। জিয়াউল আহসান ছাড়া অন্য কারও পক্ষে এটা করা সম্ভব নয়। সাবেক এই সেনা কর্মকর্তা ‘মনস্টার’ (দানব) হয়ে উঠেছিলেন বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলায় যুক্তিতর্ক শুরু হয়। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যার যুক্তিতর্ক শুরু হলো। প্রথমে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। দিনের দ্বিতীয় ভাগে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রথম দিনের পুরো যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।
গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং গুমের শিকার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্তিতর্কে অংশ নেন।
র্যাবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসান মানুষ ‘গলফ’ (হত্যার পর পানিতে ফেলে দিয়ে মরদেহ গুম) করতেন বলে জবানবন্দি দিয়েছিলেন সাক্ষী মেজর (অব.) মো. সাব্বির রহমান ওসমানী। তিনি জবানবন্দিতে বলেছিলেন, মানুষ হত্যার পর পরিবেশ স্বাভাবিক না হওয়ায় জিয়াউল আহসান বলেছিলেন, ‘এত মন খারাপ কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই।’
জবানবন্দির এ অংশ উদ্ধৃত করে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, এ কথা থেকে ট্রাইব্যুনাল আসামি জিয়াউলের মানসিকতা বুঝতে পারবেন। তিনি শুধু কমান্ডো নন; তিনি যে কত দুঃসাহসিক এবং কতটা হিংস্র, তা এই বর্ণনা থেকে আভাস পাবেন ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বির জবানবন্দিতে বলেছেন, ‘জিয়া স্যার বলেন, এত মন খারাপ কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় এই বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।’ সাক্ষী সাব্বির কোনো সাধারণ মানুষ নন, তিনি জিয়াউলের সহকর্মী। প্রসিকিউশনের পক্ষে মরদেহ চিহ্নিত করা সম্ভব নয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কিন্তু অপারেশন হয়েছে। এখনও ২৮০ জনের হদিস নেই। তাদেরই কেউ এ ঘটনার শিকার হলেন কি না, তা তিনি জানেন না। কিন্তু এটা সত্য যে এই প্রক্রিয়ায় তারা একের পর এক মানুষ নিয়ে গলফ করেছেন বা হত্যা করেছেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ইতিহাসে হিটলারের শাসন, হিটলারের অত্যাচার তারা শুনেছেন, দেখেছেন, পড়েছেন। তারা আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডার বিচার দেখেছেন। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা ঘটেছে। তার (হিটলার, রুয়ান্ডা ও রোহিঙ্গা) তুলনায় বাংলাদেশে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) কম কী হয়েছে।
সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বরাত দিয়ে চিফ প্রসিকিউটর যুক্তিতর্কে বলেন, জিয়াউল আহসান ১৫ থেকে ২০ বার বরিশাল অঞ্চল ব্যবহার করে গলফ অপারেশন পরিচালনা করেছেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা টেনে আমিনুল ইসলাম বলেন, তার ৩৮ বছরের কর্মজীবনে তিনি অনেক হত্যা মামলা করেছেন। তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যা, সাতজনকে হত্যার ঘটনায়ও মামলা করেছেন। পিলখানায় ৭৪ জনকে হত্যার মামলাও করেছেন। কিন্তু এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। তিনি কখনো শোনেননি, একজন মানুষ কয়েকশ মানুষকে হত্যা করতে পারেন। তার কর্মজীবনে এটাই প্রথম ও ব্যতিক্রমী ঘটনা। জিয়াউল ছাড়া অন্য কারও পক্ষে এটা সম্ভব নয়।
যুক্তিতর্ক চলার সময় ট্রাইব্যুনাল জানতে চান, জিয়াউল আহসানের বিরুদ্ধে এই যে এত হত্যাকাণ্ড, নির্যাতনের অভিযোগ; তার অর্জন কী? এ সময় জিয়াউল আহসান মেজর জেনারেল হয়েছিলেন বলে জবাব দেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম আরও বলেন, ‘হি ওয়াজ এভরিথিং (জিয়াউলই সবকিছু ছিলেন)। হি ওয়াজ মোর দেন চিফ অব আর্মি স্টাফ (সেনাপ্রধানের চেয়েও বড় কিছু ছিলেন তিনি)। হি ওয়াজ এভরিথিং ইন দিস কান্ট্রি। তার কথায় সবকিছু, গভর্নমেন্ট চলত; সবকিছু করত।...উনি কী পাননি। উনি পুরা আর্মি প্রশাসনকে চালাচ্ছেন (চালিয়েছেন)।’
চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দিতে বলেছেন, জিয়াউলকে র্যাব থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। তৎকালীন সরকারপ্রধান (শেখ হাসিনা) তাকে অনুরোধ করেছিলেন। কীভাবে জিয়াউল আহসান এসব কাজ করার সাহস পেতেন, সব প্রমাণে উঠে এসেছে।
র্যাবে দায়িত্ব পালন করার সময় অধিনায়কের কাছে অনুভূতির কথা ব্যক্ত করতে পারতেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। এ কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাব্বিরকে সেই অধিনায়ক বলতেন, ‘জিয়াউলকে কে নিয়ন্ত্রণ করবে?’ কতটা অসহায়! কারণ জিয়াউল ১ নম্বর ব্যক্তির মানুষ। তাকে তো কেউ নিয়ন্ত্রণ করতে পারতেন না।
তবে জুলাই যোদ্ধাদের কারণে দানবদের বিচারের সম্মুখীন করা গেছে বলেও জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে যদি জুলাই ৩৬ না হতো, তা হলে এই ঘটনা কোনো দিন আলোর মুখ দেখত না। হয়তো এই অপরাধীরা কোনো দিন বিচারের সম্মুখীন হতো না। সেই অপরাধমূলক কর্মকাণ্ড হয়তো কোনো দিন বন্ধ হতো না। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আর কোনো ক্রসফায়ার হয়নি, এখন পর্যন্ত আর কোনো অপহরণ হয়নি, এখন পর্যন্ত আর কোনো বলপূর্বক গুম হয়নি, বলেশ্বর নদে শহিদ হতে হয়নি। এখন পর্যন্ত আর কাউকে টিএফআই অথবা জেআইসি সেলে বন্দি থাকতে হয়নি। সে কারণে জুলাই আন্দোলনের যে যৌক্তিকতা, তার যে প্রেক্ষাপট, সেটা ছিল অত্যন্ত অত্যাবশ্যকীয় ঘটনা।’
সময়ের আলো/প্রিন্ট/জেডি