প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:১৭ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ২:১৯ এএম
ছবি : সংগৃহীত জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা, অর্থের জোগান এবং অন্য আসামিদের সঙ্গে যোগাযোগের তথ্য যাচাইসহ পাঁচটি কারণ দেখিয়ে এ আবেদন করা হয়েছে। শুনানির জন্য বুধবার (২৫ নভেম্বর) দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং তাদের পারস্পরিক যোগাযোগের তথ্য সংগ্রহ করতে চান তিনি।
আবেদনে আরও বলা হয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের জন্য জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া মামলায় তার সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা এবং অর্থের জোগান ও যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখার কথাও উল্লেখ করা হয়েছে।
গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিনেত্রী অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা জায়েদ খানের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।
এ মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা জামিনে রয়েছেন।
সময়ের আলো/জেডি