প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতরাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসলামকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের এসআই মো. ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন, হারুন অর রশিদসহ কয়েকজন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
উভয় পক্ষের শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগে বলা হয়, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন মামলার বাদী।
এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযুক্ত সুইডেন আসলামকে গত ২২ নভেম্বর দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার করে পুলিশ।
সময়ের আলো/টিকে