গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে চর্বি, আদালতে নারী

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

পরিবারের সদস্যদের জন্য গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি

2026-11-25T21:56:57+00:00
2026-11-25T21:56:57+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আইন-আদালত
গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে চর্বি, আদালতে নারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
পরিবারের সদস্যদের জন্য গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে ৫৫০ টাকায় এক কেজি নলি কেনেন তিনি। সঙ্গে নেন গরুর মাংসও। কিন্তু বাসায় ফিরে নলি কাটতেই তার চোখে পড়ে অস্বাভাবিক কিছু। নলির ভেতরে মাংসের বদলে ঠাসা চর্বি দেখতে পান বলে অভিযোগ করেন তিনি।

এ নিয়ে দোকানির কাছে গেলে পুরো টাকা ফেরত বা পণ্য বদলে দেওয়ার বদলে আংশিক টাকা ফেরতের প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেন লাইলী। এমনকি বিষয়টি নিয়ে কথা বলায় হুমকির মুখেও পড়েন বলে অভিযোগ তার। পরে কেনা মাংস ও নলির নমুনা নিয়ে ঢাকা আদালতপাড়ায় যান তিনি।

বুধবার দুপুর ২টা থেকে ৩টার পরও আদালত চত্বরে ঘুরতে দেখা যায় লাইলীকে। তার হাতে ছিল সবুজ পলিথিনে রাখা কেনা মাংস ও নলি। সেখানে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সামনে নলির দুটি অংশ আলাদা করে দেখান তিনি। এর একটি আসল এবং অন্যটি চর্বি ভরে তৈরি করা নকল নলি বলে দাবি করেন লাইলী।

তার ভাষ্য, ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ৫৫০ টাকায় এক কেজি নলি কিনেছিলেন। কিন্তু নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে।

আদালত এলাকায় নমুনা দেখিয়ে লাইলী বলেন, ‘একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।’

তিনি আরও বলেন, ‘এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।’

লাইলী জানান, কেনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই বিষয়টি বুঝতে পেরে দোকানির কাছে যান। তখন টাকা ফেরত অথবা পণ্য বদলে দেওয়ার দাবি জানান তিনি। কিন্তু দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি বলে অভিযোগ তার। বরং ৫৫০ টাকার মাংস ও হাড্ডির বদলে ৩৫০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

লাইলীর দাবি, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে পণ্য বদলে দেওয়া অথবা পুরো টাকা ফেরত চান। সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা বললে দোকানির পক্ষ থেকে ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য জানা সম্ভব হয়নি।

শুধু নিজের টাকা ফেরত পাওয়াই তার উদ্দেশ্য নয় বলে জানান লাইলী। তার মতে, এ ধরনের প্রতারণায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন স্বল্প আয়ের মানুষ। তিনি বলেন, ‘আজ আমার কাছে টাকা আছে, আমি সামলে নিতে পারব। কিন্তু গরিব মানুষ এভাবে ঠকলে কোথায় যাবে? এ ধরনের প্রতারণার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শিক্ষা হওয়া দরকার।’


আদালত চত্বরে এসেও কোনো সহায়তা পাননি জানিয়ে লাইলী বলেন, ‘আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।’

আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের... আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।’

এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, প্রতারণার অঙ্ক কম বা বেশি যা-ই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরীর মাধ্যমে কাউকে সম্পত্তি বা অর্থ হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এমন ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতেও মামলা করতে পারেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। তবে তার অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গরু  নলি  চর্বি  আদালত  নারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: