প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে।
রিটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জের পাশাপাশি আওয়ামী লীগের সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে।
কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিট আবেদনটি দায়ের করেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনসহ জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিট আবেদনটি করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।
সময়ের আলো/টিকে