প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সংগৃহীত ছবি
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সংগৃহীত ছবি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তৎকালীন র্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ মামলার আপিল শুনানি শুরু হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীদের অপহরণ করেন র্যাব-১১-এর সদস্যরা। অপহরণের ঘটনা প্রত্যক্ষ করায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককেও তুলে নেওয়া হয়। এ অপহরণ ও হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের বিরুদ্ধে। ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে তারেক সাঈদের জবানবন্দিতে তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে আসে। তবে ওই সময় সাত খুনের মামলায় তাকে আসামি করা হয়নি।
বুধবার আপিল বিভাগে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ জন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য আসামিদের আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ হত্যাকাণ্ডের পেছনে নির্দেশনা, অর্থ লেনদেন এবং ব্যবসায়িক স্বার্থের সংশ্লিষ্টতার বিষয়গুলো আদালতে তুলে ধরে।
অন্যদিকে, সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের করা গুম ও খুনের মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। শতাধিক গুম ও খুনের অভিযোগে করা এ মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।
দুই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ