এমপি কন্যা ডরিন ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিস্ফোরকদ্রব্য আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস

2026-11-26T17:02:16+00:00
2026-11-26T17:29:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আইন-আদালত
এমপি কন্যা ডরিন ৩ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিস্ফোরকদ্রব্য আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডরিনকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে ডরিনের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে বলে খবর পায় পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের সত্যতা পায়। সেখান থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ, কৌটার অংশবিশেষ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   এমপি কন্যা  ডরিন  ৩ দিনের রিমান্ডে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: