স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। রোববার

2026-11-29T15:15:11+00:00
2026-11-29T15:16:38+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আইন-আদালত
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৩:১৬ পিএম
আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত
আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। রোববার (২৯ নভেম্বর) দুপুরে তিনি এ আবেদন করেন। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আবেদনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কমিশনের নীরবতার ব্যাখ্যা চাওয়া এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন কী ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে, সে বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটের বিষয়ে শিশির মনির বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইতোমধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তাদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটও দিয়েছেন। ফলে বিদেশে অবস্থান করেও ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা রয়েছে, তা প্রমাণিত হয়েছে।’


তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে ২০২৫ সালের ৩১ মার্চ পরিবর্তন আনা হয়। এর ভিত্তিতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয়। পরে নির্বাচন কমিশন সচিবালয় ২০২৫ সালের ২০ আগস্ট ও ১৮ নভেম্বর দুটি পরিপত্র জারি করে। এসব পরিপত্রের মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

শিশির মনির বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনেও ভোটার হওয়ার জন্য আইন নির্ধারিত কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী, ভোটারকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর, কোনো আদালত তাঁকে অপ্রকৃতিস্থ ঘোষণা করতে পারবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী বা অধিবাসী হিসেবে গণ্য হতে হবে। এসব শর্ত পূরণ করলে একজন নাগরিক স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারলে স্থানীয় সরকার নির্বাচনেও একই সুযোগ পাবেন না কেন? সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী হিসেবে আইনি যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু বিদেশে অবস্থানের কারণে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা কতটা যৌক্তিক, তা আদালতের সামনে তুলে ধরা হয়েছে।’


শিশির মনির আরও জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কয়েক দফা চিঠি ও আনুষ্ঠানিক আবেদন করার পাশাপাশি আইনি নোটিশও পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত কমিশনের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের দুজন সম্ভাব্য প্রার্থী এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তি। আবেদনে নির্বাচন কমিশনের নীরবতার কারণ জানতে চাওয়ার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী শিশির মনিরের দাবি, জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট চালুর ফলে প্রবাসীদের ভোট গ্রহণের যে অবকাঠামো ও অভিজ্ঞতা তৈরি হয়েছে, তা স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগানো সম্ভব। সামান্য প্রযুক্তিগত উদ্যোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিলেই স্থানীয় সরকার নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে।

তিনি জানান, বিভিন্ন হিসাবে বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ থেকে ১ কোটি ৫৭ লাখ। জাতীয় নির্বাচনে ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এত বিপুলসংখ্যক নাগরিকের ভোটাধিকার স্থানীয় সরকার নির্বাচনেও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

রিট আবেদনকারীদের প্রত্যাশা, আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। শিশির মনির বলেন, ২৯ নভেম্বর থেকে আগামী ৪ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার যথেষ্ট সময় রয়েছে। এখন কার্যকর পদক্ষেপ নিলে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করা সম্ভব।

সময়ের আলো/মহু
  বিষয়:   স্থানীয় সরকার নির্বাচন  প্রবাসী  ভোটাধিকার  হাইকোর্টে রিট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: