প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, আদালতের আদেশে রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য সুকৌশলে এড়িয়ে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার এবং মামলার মোড় ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন।
এ ছাড়া এজাহারনামীয় পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থানের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গেছেন বলে উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের যোগানদাতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মামলার তদন্তের স্বার্থে এবং তার দেওয়া তথ্যের সত্যতা নিরূপণের জন্য আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন জামিনের আবেদর নাকচ পূর্বক রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গত ১৭ নভেম্বর সাত দিন এবং ২৪ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করে এসআরবি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।
সময়ের আলো/জেডি