প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতবিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, ডরিনের আইনজীবীরা জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পুলিশ খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। সেখান থেকে লাল টেপ মোড়ানো কৌটার পোড়া অংশ, কৌটার আরেকটি অংশ, ছোট একটি টিনের টুকরা, ১২টি তারকাটা ও কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।
এর আগে গত ২৬ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সময়ের আলো/জেডি