প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম

মনিরুল ইসলাম ও তার স্ত্রী শায়লা ফারজানা। ছবি : সংগৃহীত
মনিরুল ইসলাম ও তার স্ত্রী শায়লা ফারজানা। ছবি : সংগৃহীতসন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতার হওয়া শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। গ্রেফতার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।
আবেদনে আরও দাবি করা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তারা লোকজন একত্র করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে অন্যান্য আসামিকে ঘটনাস্থলে একত্র করার ষড়যন্ত্র করছিলেন বলেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো অপর আসামিরা হলেন- মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া।
এদিকে রোববার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার ভাই মো. রেজাউল আলম শাহিনকে গ্রেফতার করে ডিবি। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মিরপুরের বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তার ওপর ফ্লাইওভার থেকে চলন্ত মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান নামে চারজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করে। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
সময়ের আলো/জেডি