শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর নামে ৮ কোটি টাকা আত্মসাৎ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিদেশে পাঠানোর নামে ৯১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মূলহোতা

2026-07-16T19:21:24+00:00
2026-07-16T19:21:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আইন-আদালত
শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর নামে ৮ কোটি টাকা আত্মসাৎ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশে পাঠানোর নামে ৯১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মূলহোতা মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো অন্য আসামিরা হলেন, রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান ও মো. তানজির ইসলাম। আদালত তানজির ইসলামের চার দিনের এবং হারুন অর রশিদসহ বাকি তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীরা আসামিদের ওপর হামলার চেষ্টা চালালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মো. বিল্লাল ভূঁইয়া চার আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আসামিদের আদালতে আনার সময় শিক্ষার্থীরা তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং কয়েকজন হামলার চেষ্টা করেন।


রিমান্ডের আদেশ ঘোষণার পর উপস্থিত অনেক ভুক্তভোগী সন্তোষ প্রকাশ করেন। পরে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আসামিদের হাজতখানায় নেওয়ার সময় আবারও তাদের ওপর হামলার চেষ্টা হয়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ হাজতখানার প্রধান ফটকের দিকে এগিয়ে গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন মোল্লাসহ কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘ভিসা গাইড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চার মাসের মধ্যে স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’ নামে আরেক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময়ে ৯১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা নেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি।

অভিযোগে আরও বলা হয়, শিক্ষার্থীরা যোগাযোগ করলে কখনও স্টুডেন্ট ভিসা, আবার কখনও ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে তাদের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় গত ৮ জুলাই ভুক্তভোগী আল আমিন ভাটারা থানায় মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আদালত  শিক্ষার্থী  আত্মসাৎ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: