পারমাণবিক অস্ত্র অর্জনে বাবার চেয়ে বেশি আগ্রহী মোজতবা খামেনি : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র অর্জনে বেশি

2026-07-25T11:27:01+00:00
2026-07-25T11:27:01+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পারমাণবিক অস্ত্র অর্জনে বাবার চেয়ে বেশি আগ্রহী মোজতবা খামেনি : যুক্তরাষ্ট্র
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র অর্জনে বেশি আগ্রহী বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের শুরুতে আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়েছে বলে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে পাওয়া অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগের। কারণ বাবার মৃত্যুর সময় আহত হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং নিরাপত্তার কারণে জনসমক্ষে খুব কমই আসছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য নতুন বিমান হামলার আশঙ্কায় মোজতবা খামেনি অন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গেও সীমিত যোগাযোগ রাখছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পূর্ণমাত্রায় পুনরায় চালু করেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক অবকাঠামো সংরক্ষণ এবং পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, অবশিষ্ট সেন্ট্রিফিউজগুলো শক্তিশালী নিরাপত্তাবেষ্টিত ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এতে ইরান ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধরে রাখতে পারে।

গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, হামলার পরপরই যদি ইরান দ্রুত পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করত, তাহলে তাদের কর্মসূচি সর্বোচ্চ ছয় মাস পিছিয়ে যেত।

প্রতিবেদনে বলা হয়, আলি খামেনি প্রকাশ্যে সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করলেও, ইরান তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যায়।

অন্যদিকে মার্কিন গোয়েন্দাদের দাবি, যুদ্ধের আগে আটক করা বিভিন্ন যোগাযোগ এবং মোজতবা খামেনির প্রকাশ্য বক্তব্য বিশ্লেষণ করে তারা মনে করছে, তিনি পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণে দ্বিধাহীন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও অস্ত্র উন্নয়নকে এগিয়ে নিতে আগ্রহী।

দ্য নিউইয়র্ক টাইমস আরও জানায়, বাইডেন প্রশাসনের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা ধারণা করেছিলেন, ইরান একটি সাধারণ ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যাচাই করছিল।

তবে বর্তমান মূল্যায়নে বলা হয়েছে, মোজতবা খামেনি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য তাপ-পরমাণু (থার্মোনিউক্লিয়ার) ওয়ারহেড উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

এছাড়া মার্কিন কর্মকর্তাদের মতে, আগে যারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রকে একমাত্র কার্যকর প্রতিরোধ হিসেবে দেখতেন, নতুন সর্বোচ্চ নেতার অধীনে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  ইয়েমেন. হুতি  যুক্তরাষ্ট্র  সৌদি আরব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: