আগামী ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সরকার বিজ্ঞাপন বাজার থেকে আয় করে এটিকে লাভজনক ইভেন্টে পরিণত করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বাংলাদেশকে অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে অংশগ্রহণের উপযোগী করে তুলতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সম্মাননা জানানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের লক্ষ্য শুধু বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করা নয়। বিশ্বকাপকে কেন্দ্র করে যে বিশাল বিজ্ঞাপন বাজার তৈরি হয়, সেখান থেকে সরকার যাতে আয় করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যমের সহযোগিতা পেলে আগামী বিশ্বকাপকে লাভজনক একটি ইভেন্টে পরিণত করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দূরদর্শী সিদ্ধান্তের ফলেই সরকার কোনো অর্থ ব্যয় ছাড়াই দেশের মানুষের জন্য ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া সম্মাননার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের এমন অর্জন ও সৃষ্টিশীল উদ্যোগ দেশবাসী এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং তারা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে।
বিশ্বকাপ সম্প্রচারের পুরো প্রক্রিয়া অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একযোগে কাজ করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন, দেশের মানুষ যেন কোনোভাবেই বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হয়। তবে আগের বিশ্বকাপে সরকারের ব্যয়ের পরিমাণ এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিকল্প উপায় খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার সেই নির্দেশনার ফলেই কোনো অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। এ সাফল্যের প্রধান কৃতিত্ব প্রধানমন্ত্রীর বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, সততা এবং ক্রীড়াপ্রেমী মনোভাবের জন্য তিনি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের মানুষ সফলভাবে বিশ্বকাপ উপভোগ করতে পেরেছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও দুই মন্ত্রণালয় সমন্বিতভাবে দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ যাতে অলিম্পিকের মতো একটি বড় আসরে মাথা উঁচু করে দাঁড়াতে এবং অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার প্রস্তুতি শুরু করেছে। তার ভাষায়, অলিম্পিক যাত্রা শূন্য থেকে শুরু করা হয়েছে। আগামী পাঁচ বছরকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে বাংলাদেশ অলিম্পিকের মতো আসরে অংশ নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন