ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে ‘ট্রিলিয়ন ডলার’ অর্জনে মরিয়া সরকার

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

2026-07-26T19:29:39+00:00
2026-07-26T19:31:50+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
ভঙ্গুর অর্থনীতি কাটিয়ে ‘ট্রিলিয়ন ডলার’ অর্জনে মরিয়া সরকার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৯ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৭:৩১ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অর্থমন্ত্রীর ঘোষিত সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি বিনিয়োগ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম জানান, এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, বিনিয়োগকারী, বিভিন্ন স্টেকহোল্ডার এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেই আয়োজনের ধারাবাহিকতায় রোববারের রুদ্ধদ্বার বৈঠকে অর্থ উপদেষ্টা, বিনিয়োগকারী, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বৈঠকে দেশের এলডিসি গ্র্যাজুয়েশন, ক্যাপিটাল মার্কেট, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ এবং বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেছেন। সেগুলো পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টা বিভিন্ন নীতিগত বিষয়ে কাজ করছেন। ক্যাপিটাল মার্কেট, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, ফার্মার্স কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলমান থাকায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নেরও তিনি উত্তর দিয়েছেন।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো কী এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এটি একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল। বিভিন্ন ধরনের বিনিয়োগকারীর ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও বিনিয়োগে আগ্রহী, তাদেরও নিজস্ব কিছু সমস্যা আছে। তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। গত ১৫-১৬ বছরে ব্যাংকিং খাত, ক্যাপিটাল মার্কেট ও বিভিন্ন ব্যবস্থাপনা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হচ্ছে। চলতি বাজেট সেই উদ্যোগের প্রথম ধাপ। তিনি আরও বলেন, ক্রিয়েটিভ ইকোনমি, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ বাড়াতে কী ধরনের সুযোগ-সুবিধা ও প্রক্রিয়াগত পরিবর্তন প্রয়োজন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।


বিনিয়োগের অগ্রাধিকার খাত সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি টেক্সটাইল, তৈরি পোশাক (আরএমজি), কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পেও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, ক্রিয়েটিভ ইকোনমির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প ও সংস্কৃতিভিত্তিক খাতে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে। এছাড়া ক্রীড়া খাতেও বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। স্পোর্টস ডিপ্লোমেসি ও ক্রীড়া সংস্কৃতিকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী দেশের অর্থনীতিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদের উন্নয়নের মূলধারায় যুক্ত করতে নতুন বাজার ও বিনিয়োগের উৎস অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ব্লু-ইকোনমি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ব্লু-ইকোনমি সরকারের অন্যতম অগ্রাধিকার। ইউরোপের অনেক দেশ এ খাতে বিনিয়োগে আগ্রহী এবং বাংলাদেশে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে, যাতে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগোনো যায়।

বিনিয়োগকারীরা কবে থেকে বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিনিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই চলমান। এটি এক বা দুই দিনের বিষয় নয়। চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা ও কার্যক্রম এগিয়ে চলছে।

আগামী কত বছরের মধ্যে নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বাজেটে জানিয়েছেন, বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বিনিয়োগ আনার কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বাংলাদেশ  ট্রিলিয়ন ডলার  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শামা ওবায়েদ ইসলাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: