স্বজনকে গুলি করে শামীম ওসমানের ছেলে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের চাষারায় স্বজন নামের এক আন্দোলনকারীকে গুলি করে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে

2026-07-29T05:11:29+00:00
2026-07-29T05:11:29+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সাক্ষীর জবানবন্দি
স্বজনকে গুলি করে শামীম ওসমানের ছেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:১১ এএম 
শামীম ওসমানের সঙ্গে ছেলে অয়ন ওসমান। সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের চাষারায় স্বজন নামের এক আন্দোলনকারীকে গুলি করে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মঙ্গলবার এমন জবানবন্দি দেন সাক্ষী এন আর বি মামুন।

জবানবন্দিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে চাষারায় আওয়ামী লীগের ধাওয়া খেয়ে তারা বেসরকারি একটি হাসপাতালের গলিতে ঢুকে যান। তিনি দেখতে পান, অয়ন ওসমানের গুলিতে তার পাশে থাকা স্বজন নামের একটি ছেলে আহত হন। পরে জানতে পারেন, গুলিবিদ্ধ স্বজন চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট মারা যান।

এ মামলার আসামি সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জন। তাদের মধ্যে আছেন আজমেরী ওসমান, মো. মিনহাজ উদ্দিন আহম্মদ, তানভির আহম্মেদসহ অন্যরা। আসামিরা পলাতক।

গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এমন জবানবন্দি দেন এন আর বি মামুন। জবানবন্দিতে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। এন আর বি মামুন আরও জানান, তিনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি স্বজনের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চান।

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল : 

২০২৪ সালের জুলাই মাসে হামলার ঘটনাও জবানবন্দিতে তুলে ধরে এন আর বি মামুন বলেন, ওই বছরের ২১ জুলাই সকালের দিকে তিনি লোকজন নিয়ে সাইনবোর্ড থেকে চিটাগং রোডের দিকে যাচ্ছিলেন। একটি হাসপাতালের সামনে তারা অবস্থান করছিলেন। তখন বাজারের গলি থেকে শামীম ওসমান, শাহ নিজাম, ফাইজুল ইসলাম, কমিশনার রুহুলসহ প্রায় ১৫০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালান। তাদের প্রত্যেকের হাতে দেশি-বিদেশি অস্ত্র ছিল। দৌড়ে পালাতে গিয়ে তিনি ডিএনডি খালের মধ্যে পড়ে যান। এ সময় তার একটি দাঁত ভেঙে যায়।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় মো. পারভেজ, কিশোর আদিল, মো. ইয়াসিন, আবুল হোসেন, মো. রাসেল রানা ও ৬ বছরের শিশু রিয়া গোপকে হত্যা করে। এ ছাড়া অসংখ্য আন্দোলনকারীকে হত্যা করে এ মামলার আসামিরা।


শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, সূচনা বক্তব্য ১০ জুন : দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২১ জুলাই নারায়ণগঞ্জে আবদুর রহমান ও রাকিব বেপারিকে হত্যা করা হয়। 

এ ছাড়া অসংখ্য আন্দোলনকারীকে মারাত্মক জখম করে আসামিরা। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট নারায়ণগঞ্জে বদিউজ্জামান ও আবুল হাসান নামের দুজনকে হত্যা করা হয়। সেদিন অসংখ্য আন্দোলনকারীও আহত হন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   স্বজন  গুলি  শামীম ওসমান  ছেলে  অয়ন ওসমান 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: