জুমাবার মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে এমন কিছু মুহূর্ত আছে, যে সময় দোয় করলে আল্লাহ তায়ালা কবুল করেন। তাই জুমার নামাজ ও খুতবার সময় কীভাবে দোয়া করতে হবে, তা জানা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
হাদিসে আছে, ইমাম যখন খুতবা দিতে শুরু করেন, তখন মুসল্লিদের জন্য মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা, অপ্রয়োজনীয় কাজ করা বা অন্যকে চুপ থাকতে বলতেও নিরুৎসাহিত করা হয়েছে।
তবে জুমার দিনে ‘দোয়া কবুলের বিশেষ দুটি মুহূর্ত’-এর কথা বিভিন্ন হাদিসে এসেছে। এর মধ্যে একটি হলো জুমার দুই খুতবার মাঝের সময়র্টি। এসময় মনে মনে দোয়া করার কথা বলা হয়েছে। আরেকটি হলো আসর থেকে মাগরিবের আগমুহূর্ত পর্যন্ত সময়টি। এই দুই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
দোয়ার সময় আল্লাহর প্রশংসা করা, দরুদ শরিফ পাঠ করা, আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে নিজের প্রয়োজন তুলে ধরা এবং গুনাহ থেকে তাওবা করা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আদব। পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসও দোয়া কবুলের অন্যতম কারণ।
সবশেষে মনে রাখতে হবে, জুমার খুতবার সময় মূল দায়িত্ব হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা। আর নীরবে, অন্তরে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। সেটা দুই খুতবার মাঝের সময়ে। আন্তরিক হৃদয়ে করা দোয়া কখনোই আল্লাহর কাছে মূল্যহীন নয়। তিনি তাঁর বান্দার প্রার্থনা শোনেন এবং সর্বোত্তম সময়ে তার জবাব দেন।
সময়ের আলো/এসএকে