ওয়াশিংটন চায় আঞ্চলিক নিরাপত্তা, ঢাকা চায় বিনিয়োগ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

চলমান বৈশ্বিক উত্তেজনার এই সময়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। অন্যদিকে, বাংলাদেশ চায় পশ্চিমারা এই দেশের বাজারে

2026-08-01T22:08:48+00:00
2026-08-01T22:11:22+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
জাতীয়
ওয়াশিংটন চায় আঞ্চলিক নিরাপত্তা, ঢাকা চায় বিনিয়োগ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১০:১১ পিএম
সংগৃহীত ছবি
চলমান বৈশ্বিক উত্তেজনার এই সময়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। অন্যদিকে, বাংলাদেশ চায় পশ্চিমারা এই দেশের বাজারে ঢাকার তৈরি পোষাক খাতের পণ্যের অবিরাম সরবরাহ এবং বিনিয়োগ। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন সাংবাদিকদের বলেন, সামনের দিনগুলোতে মার্কিন বিনিয়োগ যেন বাড়ে, তার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় প্রায় ২৫টি শিল্প এবং ব্যাবসাপ্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় ৪৫ জন ব্যাবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে যে ১২ ফেব্রুয়ারির ভোটের পর নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে। একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে এবং প্রধানমন্ত্রী গত প্রায় পাঁচ মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে নীতিগুলো নিয়েছেন, সেটি প্রসংশনীয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর এবং তার নেতৃত্বের ওপর বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন হিসেবে মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা শিথিল করেছে।

বাংলাদেশ মার্কিন বিনিয়োগকারী এবং সবার জন্য উন্মুক্ত, এ কথা তুলে ধরে উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, ‘সরকারের মূল লক্ষ্য সবাই যেন এখানে আসেন এবং এদেশ গণতান্ত্রিক যাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারছে, সেটি যেন সবাই খুঁজে দেখেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার ওপর ভিত্তি করে আমরা আরও বেশি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও বিনিয়োগ এখানে আকৃষ্ট করব। আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে।’ 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন (ডিএফসি)-এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী ও সার্জিও গোরের মধ্যে মতবিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বিশেষ দূত সার্জিও গোরও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন যে, বাংলাদেশে ডিএফসি-এর বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। 


প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষিখাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

বাংলাদেশ ভবিষ্যতে প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার সম্ভাবনা রাখে। এ বিষয়ে বিশেষ দূত উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস ও পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা শাই এই সফর নিয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তার সফর শেষ করেছেন। 

ঢাকায় অবস্থানকালে বিশেষ দূত রাষ্ট্রদূত গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন। এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতাকে তুলে ধরেছে।

শনিবার ঢাকা ছাড়ার আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বলেন, আজ (শনিবার) আমি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আমাদের অংশীদারিত্বকে আরও উন্নত করার বিপুল সুযোগ নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রাহমান এর সাথে সাক্ষাৎ করেছি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অগ্রাধিকার, এবং একসাথে কাজ করে আমরা বাস্তব ফলাফল অর্জন করতে পারি!

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ওয়াশিংটন  আঞ্চল  নিরাপত্তা  ঢাকা  বিনিয়োগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: