বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান অ্যাডমিরাল স্টিফেন কোহলার।
মঙ্গলবার (৪ আগস্ট) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সফরে তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের তিন দিনের মাথায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রসীমার সুরক্ষা, নৌ সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং ঢাকা-ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
অ্যাডমিরাল স্টিফেন কোহলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের অপারেশনস ডিরেক্টর, ইউএস থার্ড ফ্লিটের কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি অপারেশন ডেজার্ট স্টর্ম, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ একাধিক সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
সময়ের আলো/এমকে