কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুরান ঢাকা কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে নিজস্ব ব্যবস্থাপনায় একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করেছে কারা অধিদফতর।
সোমবার (৩ আগস্ট) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন আনুষ্ঠানিকভাবে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিটটির উদ্বোধন করেন।
নতুন এই উদ্যোগের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ঢাকায় চিকিৎসার জন্য আসা কারা সদস্যরাও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।
কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
তিনি বলেন, কারা অধিদফতরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত এই মেডিকেল সেন্টার কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি বড় ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কর্মকর্তা ও কর্মচারীরাও এখান থেকে চিকিৎসা নিতে পারবেন।
তিনি আরও জানান, একজন কর্মকর্তা বা কর্মচারী, তার স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবা পাবেন।
এছাড়া তাদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষা করানোর সুযোগ পাবেন বলেও তিনি জানান।
সময়ের আলো/এমকে