ছোট যে ২ আমলে বান্দার গুনাহ মাফ হয়

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মানুষ মাত্রই ভুল করে। কখনো জেনে, কখনো না জেনে। কখনও বুঝে আর কখনও না বুঝে। প্রায় সময় আমরা এমন অনেক

2026-08-04T23:25:44+00:00
2026-08-04T23:26:59+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
ইসলাম
ছোট যে ২ আমলে বান্দার গুনাহ মাফ হয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
মানুষ মাত্রই ভুল করে। কখনো জেনে, কখনো না জেনে। কখনও বুঝে আর কখনও না বুঝে। প্রায় সময় আমরা এমন অনেক কাজ করে ফেলি, যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। ইসলামের পরিভাষায় এসব অন্যায় কাজকে বলা হয় গুনাহ। যদিও ‘গুনাহ’ শব্দটি ফার্সি, তবে বাংলা ভাষায় এটি বহুল ব্যবহৃত। এর অর্থ পাপ বা অন্যায়। আল্লাহ তায়ালার আদেশ অমান্য করে বা তাঁর নিষেধ অমান্য করে যে কাজ করা হয়, তা-ই গুনাহ।

ইসলামে গুনাহ মূলত দুই ধরনের, সগিরা (ছোট গুনাহ) এবং কবিরা (বড় গুনাহ)। ছোট গুনাহ অনেক সময় নামাজ, অজু, জিকির, ইস্তিগফারসহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু কবিরা গুনাহ থেকে মুক্তি পেতে আন্তরিক তাওবা অপরিহার্য। তাই একজন মুমিনের উচিত বড় গুনাহ থেকে সর্বোচ্চ সতর্ক থাকা এবং ছোট গুনাহও হালকাভাবে না নেওয়া।

নবীজি (সা.) তাঁর উম্মতকে গুনাহ থেকে বাঁচার পাশাপাশি আল্লাহর ক্ষমা লাভের সহজ কিছু আমলও শিখিয়েছেন। এমন দুটি আমলের কথা হাদিসে এসেছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার ছোট গুনাহগুলো মাফ করে দেন।

১. সুন্দরভাবে অজু করা
অজু শুধু নামাজের প্রস্তুতি নয়, এটি গুনাহ মাফেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, যখন কোনো মুসলিম বা মুমিন অজু করে এবং মুখ ধৌত করে, তখন তার চোখ দিয়ে করা সব গুনাহ অজুর পানির সঙ্গে বের হয়ে যায়। এরপর যখন সে দুই হাত ধোয়, তখন হাত দিয়ে করা গুনাহগুলোও পানির সঙ্গে ঝরে যায়। এভাবে অজু শেষ করতে করতে সে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। (মুসলিম, হাদিস : ৪৭০, তিরমিজি, হাদিস : ২)।

২. চারটি জিকির পড়া
আল্লাহর জিকির মানুষের অন্তরকে প্রশান্ত করে, পাশাপাশি গুনাহ মাফেরও কারণ হয়। হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, একদিন নবীজী (সা.) একটি শুকনো পাতাওয়ালা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি লাঠি দিয়ে গাছটিকে আঘাত করলে সব পাতা ঝরে পড়ে। তখন তিনি বলেন, কোনো বান্দা যদি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার পড়ে, তাহলে তার গুনাহগুলো এমনভাবে ঝরে যায়, যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়েছে। (তিরমিজি, হাদিস : ৩৫৩৩)।

এই চারটি জিকিরের অর্থ হলো— আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ সব ধরনের ত্রুটি থেকে পবিত্র।
লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াল্লাহু আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য ক্ষমার দরজা সব সময় খোলা রেখেছেন। তাই গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত তাওবা করা, নিয়মিত অজু করা, বেশি বেশি জিকির-ইস্তিগফার করা এবং নেক আমলে মনোযোগী হওয়া উচিত। এসব ছোট ছোট আমলই আল্লাহর রহমতে মানুষের ছোট গুনাহগুলো মুছে দেয় এবং তাকে আল্লাহর আরও নিকটবর্তী করে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আমল  বান্দা  গুনাহ  দোয়া 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: