কুমিল্লার চান্দিনায় ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আল-আমিন (২৬) নামে সদ্য বিবাহিত এক মুদি দোকানির বিরুদ্ধে। আহত শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহত শিশুর চাচাতো ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে বুধবার (৫ আগস্ট) রাতে অভিযুক্ত ধর্ষক আল-আমিনকে একমাত্র আসামী করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক আল-আমিন ওই গ্রামের আব্দুল মতিন এর ছেলে।
জানা যায়, শিশুটির পিতা মানসিক ভারসাম্যহীন। তাকে ও তার এক ভাইকে ফেলে মা অন্যত্র বিয়ে করায় চাচাতো ভাই তাদের দেখাশোনা করে। ৪ আগস্ট বিকাল ৪টায় মাদ্রাসায় ২য় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুটি পুকুরে গোসল করতে গেলে আল-আমিন তার উপরে নিপীড়ন চালায়। এসময় সাদ্দাম এর স্ত্রী দেখে ফেলায় আল-আমিন দৌড়ে পালিয়ে যায়।
মামলার বাদী সাদ্দাম জানান, শিশুটি এতিম, আমি তাদের দেখাশোনা করি। আমার চাচাতো বোনকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছি। ওই শিশুটির উপর এমন অমানবিক নির্যাতনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিদেরও এগিয়ে আসার অনুরোধ করছি।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার পর স্থানীয় কিছু লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। আমরা বিষয়টি জানার পর পরিবারকে থানায় ডেকে এনে মামলা নিয়েছি। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/আতা