বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রামদেব। পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুই দেশে হিন্দুরা ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হয়েছেন।
রামদেব বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে।’
ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে রামদেব বলেন, ‘একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন নিয়েও কথা বলেন তিনি। হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগকে মূলত ‘রাজনৈতিক বক্তব্যের অংশ’ বলে মন্তব্য করেন রামদেব।
তিনি বলেন, ‘দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটেছে, অন্তত ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’
গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলেও মন্তব্য করেন রামদেব। তবে এই স্বাধীনতা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত বলে মনে করেন তিনি।
ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত করার প্রত্যাশা জানিয়ে রামদেব বলেন, ভারতীয় নাগরিকদেরও বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান তিনি।
তিনি বলেন, ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হওয়া উচিত, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমান হওয়া উচিত এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হওয়া উচিত, যাতে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়।
সময়ের আলো/কেএইচ