অনেকেই বোন বা বন্ধুদের সঙ্গে মেকআপ কিট শেয়ার করেন। দুজন মিলে একই কাজল, লিপস্টিক বা মাস্কারা ভাগ করে নেন। চিকিৎসকরা বলছেন, মেকআপ অন্যের সঙ্গে ভাগ করলে দুরারোগ্য রোগ হওয়ার আশঙ্কা বাড়ে।
কোন প্রসাধনীগুলি অন্যের সঙ্গে ভাগ করলে সংক্রমণের ঝুঁকি বাড়বে জেনে নিন –
মেকআপ ব্রাশ
অনেকেই মেকআপ ব্রাশগুলো ব্যবহারের পর পরিষ্কার করেন না। এগুলোতে আগের দিনের ব্লাশ, গ্লিটার বা পাউডার লেগে থাকে। পরে আবার সেগুলোই ব্যবহার করেন। এতে ব্রাশে লেগে থাকা ত্বকের মৃতকোষ বা জীবাণু, যিনি ব্যবহার করছেন তার শরীরে ঢুকে যায়। এর ফলে ত্বকে র্যাশ, চুলকানি ও প্রদাহ হতে পারে। আবার যদি কারো একজিমা বা সোরিয়াসিস থাকে, তার ব্যবহার করা ব্রাশ আপনিও ব্যবহার করেন, তাহলে ত্বকের জটিল রোগ দেখা দেবে।
চোখের মেকআপ
আইলাইনার, কাজল বা মাস্কারা কখনো অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক নয়। এসব থেকে কনজাংটিভাইটিস ছড়াতে পারে। একাধিক জন একই কাজল বা আইলাইনার ব্যবহার করলে চোখ ফুলে ওঠা, অনবরত জল পড়া কিংবা চোখের মণির চারপাশে লাল দাগ দেখা যেতে পারে।
লিপস্টিক
ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল। আমরা যখন লিপস্টিক বা লিপবাম ব্যবহার করি, তা আমাদের লালার সঙ্গেও কমবেশি মিশে যায়। তাই একই লিপস্টিক বা লিপবাম যদি একাধিক জন নিয়মিত ব্যবহার করেন, তা হলে ত্বকের সংক্রমণ তো হবেই, অন্যের শরীরে থাকা রোগজীবাণুও আপনার শরীরেও বাসা বাঁধতে পারে। থুতু বা লালার মাধ্যমেই কিন্তু সংক্রামক ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে মুখ, গলা ও শ্বাসযন্ত্রের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
মেকআপ টেস্টার
শপিং মল বা কসমেটিকসের দোকানে রাখা টেস্টার পণ্যও পুরোপুরি নিরাপদ নয়। একই টেস্টার অনেকেই ব্যবহার করায় সেখানে বিভিন্ন জীবাণু জমা হতে পারে। তাই টেস্টার সরাসরি ত্বকে ব্যবহার না করে ডিসপোজেবল অ্যাপ্লিকেটর ব্যবহার করা ভালো।
মেকআপে যদি রাসায়নিক রঞ্জক বেশি থাকে, তাতে জীবাণু মিশতে পারে। এই ধরনের মেকআপ ত্বকে বেশিক্ষণ থাকলে র্যাশ ও ব্রণ হয়। এছাড়া, ত্বক তার স্থিতিস্থাপকতা হারানোর পাশাপাশি বয়সের ছাপও পড়ে যায়।
আপনার ত্বকের ধরনে কোন কোন প্রসাধনী উপযুক্ত, সে বিষয়েও ধারণা থাকা দরকার। ত্বকের সঙ্গে সামঞ্জস্যহীন প্রসাধনী ব্যবহার করলেও ত্বকের সমস্যা হতে পারে।
কীভাবে নিরাপদ থাকবেন?
-নিজের মেকআপ পণ্য অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।
-অন্যের লিপস্টিক, মাসকারা বা আইলাইনার ব্যবহার করবেন না।
-মেকআপ করার আগে ও পরে হাত পরিষ্কার রাখুন।
-প্রসাধনীর ঢাকনা ব্যবহারের পরপরই বন্ধ করুন।
-চোখে বা ঠোঁটে সংক্রমণ থাকলে, মেকআপ ব্যবহার করবেন না।
-মেকআপ ব্রাশ সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন।
-স্পঞ্জ নিয়মিত ধুয়ে ও শুকিয়ে ব্যবহার করুন এবং কয়েক মাস পরপর বদলে ফেলুন।
-মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করবেন না।
-টেস্টার সরাসরি ত্বকে ব্যবহার করবেন না।
একই মেকআপ কিট ভাগাভাগি করা সুবিধাজনক মনে হলেও, এর মাধ্যমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ত্বকের সুরক্ষায় সচেতন থাকুন।
সময়ের আলো/মহু