‘দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দফতর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের

2026-08-23T17:29:42+00:00
2026-08-23T17:31:41+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
‘দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৫:৩১ পিএম
পরিচিতি সভা। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দফতর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দফতরের জন্য পৃথক পৃথক পরিকল্পনা রয়েছে। সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের।’

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থর সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্ত দফতর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে দেরি হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরও তা বাস্তবায়নের দিকে যথাযথভাবে এগোনো সম্ভব হয়নি। এখন থেকে আমাদের খুব দ্রুতগতিতে এগোতে হবে।’

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনিযুক্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’


তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন, বিএসএস, বাংলাদেশ বেতার ও বিএফডিসিসহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষ সরাসরি দেখতে ও জানতে পারে। ফলে, প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার কী কী করছে, তা জনগণের কাছে আরও সুন্দর ও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। এর ফলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কেও মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে।’

তিনি বলেন, ‘আমরা যেসব সিদ্ধান্ত নেব, সেগুলো বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, আপনারা বিধান ও নীতিমালা মেনে দ্রুততার সঙ্গে সেগুলো বাস্তবায়নে কাজ করবেন।’

নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিব রহমান সবার কাছেই পরিচিত। তিনি সুসংগঠক, ডায়নামিক মানুষ।’

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একই মন্ত্রণালয়ে এখন আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’

পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য রাখেন।

এর আগে, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রী আন্দালিব রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় মন্ত্রণালয় এবং অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সময়ের আলো/মহু


  বিষয়:   সরকারি  সিদ্ধান্ত  বাস্তবায়ন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: