মক্কা চুক্তিতে ঢাকার নজর

এম মামুন হোসেন

জাতীয়

দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে নতুন এক নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ

2026-08-24T00:42:55+00:00
2026-08-24T00:42:55+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
মক্কা চুক্তিতে ঢাকার নজর
এম মামুন হোসেন
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে নতুন এক নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। গত ৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার অঙ্গীকার করা হয়েছে। ফলে চুক্তিটি সাধারণ সামরিক সহযোগিতার বাইরে গিয়ে পারস্পরিক নিরাপত্তার একটি শক্তিশালী কাঠামো তৈরি করেছে।

এই নতুন সমীকরণে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সরকারের দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে আভাস মিলেছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই প্রতিরক্ষা কাঠামোয় ভবিষ্যতে বাংলাদেশ যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

তবে ঢাকা এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ, সার্বভৌমত্ব এবং দীর্ঘমেয়াদি কৌশলগত লাভ-ক্ষতির হিসাব করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে সরকার।

এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, মক্কা চুক্তিতে চোখ বন্ধ করে শামিল হওয়া উচিত। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে, যার চারপাশে কোনো মুসলিম দেশ নেই। 

আয়তনেও দেশটি তুলনামূলক ছোট। কোনো সময় বাংলাদেশ আক্রান্ত হলে দ্রুত প্রতিবেশী দেশগুলো সহায়তায় এগিয়ে আসবে এমন নিশ্চয়তাও নেই। তাই মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই চুক্তির মূল লক্ষ্য তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো একটি সদস্যদেশের বিরুদ্ধে সশস্ত্র হামলাকে অন্য দুই সদস্যের বিরুদ্ধেও হামলা হিসেবে বিবেচনা করা হবে। 


এ কারণে চুক্তির পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির কারণে কেউ কেউ একে ‘মুসলিম ন্যাটো’ বলছেন। তবে বিশ্লেষণে উঠে এসেছে, ন্যাটোর মতো কঠোর সামরিক জোটে পরিণত হওয়ার পথে বড় বাধা হলো তিন দেশের অভিন্ন কোনো শত্রু নেই। সৌদি আরবের প্রধান উদ্বেগ ইরানকে ঘিরে, তুরস্কের অগ্রাধিকার সিরিয়া ও পূর্ব ভূমধ্যসাগর আর পাকিস্তানের প্রধান নিরাপত্তা প্রতিপক্ষ ভারত। 

তাই এটি ন্যাটোর অনুকরণে একটি কঠোর সামরিক জোটের চেয়ে নমনীয় ‘হাব অ্যান্ড স্পোক’ মডেলের দিকে এগোতে পারে এমন বিশ্লেষণও রয়েছে।

বাংলাদেশের সামনে এই চুক্তি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর পরিষ্কার হওয়া জরুরি। সদস্য হলে বাংলাদেশের সামরিক দায় কতটা হবে? কোনো সদস্য দেশ যুদ্ধে জড়ালে বাংলাদেশকে কি সেনা পাঠাতে হবে? বাংলাদেশ কী ধরনের সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পাবে? এই সদস্যপদ ভারত, চীনসহ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে? বড় কোনো আন্তর্জাতিক সংঘাতে বাংলাদেশকে পক্ষ নিতে হবে কি না এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

কারণ যৌথ প্রতিরক্ষা কাঠামোর যেমন সুবিধা রয়েছে, তেমনি দায়ও রয়েছে। একটি সদস্যদেশ আক্রান্ত হলে সবাই আক্রান্ত এই নীতির কারণে এমন কোনো সংঘাতে বাংলাদেশ জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে, যার সঙ্গে ঢাকার সরাসরি স্বার্থ নাও থাকতে পারে।

একই সঙ্গে মক্কা চুক্তি বাংলাদেশের সামনে নতুন কৌশলগত সম্ভাবনা তৈরি করেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং কৌশলগত অংশীদারত্বে বৈচিত্র্য আনার সুযোগ রয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিরও একটি পরীক্ষা। 

কিন্তু পাকিস্তানের উপস্থিতির কারণে ভারতের সঙ্গে সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব, সামরিক প্রতিযোগিতা বাড়ার ঝুঁকি এবং যৌথ প্রতিরক্ষার দায় সবকিছুই হিসাবের মধ্যে রাখতে হবে। কারণ বাংলাদেশের জন্য কোনো সামরিক জোটে যোগ দেওয়া শুধু প্রতিরক্ষা সিদ্ধান্ত নয়; এর সঙ্গে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নও জড়িত।

শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য মূল প্রশ্ন হবে কোন সিদ্ধান্ত দেশের নিরাপত্তা বাড়াবে, অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে, সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ন রাখবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দরকষাকষির শক্তি বাড়াবে। মক্কা চুক্তি তাই শুধু একটি নতুন প্রতিরক্ষা জোটের প্রশ্ন নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও হয়ে উঠতে পারে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনাকে ঢাকা ইতিবাচকভাবে দেখতে পারে। 

তবে কোনো সিদ্ধান্ত ধর্মীয় পরিচয়, আবেগ কিংবা অন্য কোনো দেশের চাপের ভিত্তিতে নেওয়া হবে না; বাংলাদেশের স্বার্থই হবে প্রধান বিবেচনা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ ও দুই দেশের মানুষের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেছেন, বাংলাদেশের স্বার্থ ও মানুষের স্বার্থই হবে সিদ্ধান্তের প্রধান ভিত্তি। অর্থাৎ ঢাকা একদিকে সম্ভাবনার দরজা খোলা রাখছে অন্যদিকে তড়িঘড়ি কোনো সামরিক কাঠামোয় প্রবেশ করতে চাইছে না।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সুযোগ : মক্কা চুক্তির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে বড় লাভ হতে পারে প্রতিরক্ষা সহযোগিতার বিস্তার। তুরস্ক সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে দ্রুত সক্ষমতা তৈরি করেছে। পাকিস্তানের রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা ও প্রতিরক্ষা অবকাঠামো। সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা এবং আধুনিক সামরিক সরঞ্জাম কেনার অভিজ্ঞতা। 

এই তিন দেশের সঙ্গে সহযোগিতা বাড়লে যৌথ প্রশিক্ষণ, সামরিক শিক্ষা, প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে বাংলাদেশের নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে একক কোনো দেশ বা শক্তিকেন্দ্রের ওপর প্রতিরক্ষা নির্ভরতা কমিয়ে সহযোগিতার ক্ষেত্র বহুমুখী করার সুযোগও তৈরি হবে। এতে অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতায় বিকল্প বাড়তে পারে।

সৌদি সম্পর্কের নতুন মাত্রা : সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বড় ভিত্তি শ্রমবাজার, প্রবাসী আয়, বিনিয়োগ ও ধর্মীয় যোগাযোগ। বিপুলসংখ্যক বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। ফলে রিয়াদের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর হলে তার প্রভাব শুধু নিরাপত্তা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না; অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে প্রতিরক্ষা সম্পর্ককে অর্থনৈতিক সুবিধার সরাসরি নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থে প্রতিটি বিষয় আলাদাভাবে মূল্যায়ন করতে হবে।

বঙ্গোপসাগরও গুরুত্বপূর্ণ : বাংলাদেশের জন্য মক্কা চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক বঙ্গোপসাগরের নিরাপত্তা। দেশের আমদানি-রফতানির বড় অংশ সমুদ্রপথনির্ভর। জ্বালানি সরবরাহ, বন্দর ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তাও ক্রমেই গুরুত্বপূর্ণ হচ্ছে। বহুপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নৌ সক্ষমতা, সামুদ্রিক নজরদারি, যৌথ প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় সুযোগ তৈরি করতে পারে।

পাকিস্তান নিয়ে ভারতের নতুন হিসাব : বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্ন ভারতের অবস্থান। পাকিস্তান এই চুক্তির প্রতিষ্ঠাতা সদস্য হওয়ায় দিল্লি বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে পারে। ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক বৈরিতার কারণে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোয় পাকিস্তানের ভূমিকা বাড়লে ভারতের নিরাপত্তা বিশ্লেষণে নতুন হিসাব তৈরি হওয়া স্বাভাবিক। 

একইভাবে মক্কা চুক্তির সবচেয়ে স্পর্শকাতর দিক বাংলাদেশের জন্য পাকিস্তানের উপস্থিতি। ঢাকা ইতিমধ্যে ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ যদি এমন একটি কাঠামোয় যুক্ত হয়, যেখানে পাকিস্তান গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার, তা হলে দুই দেশের প্রতিরক্ষা যোগাযোগও বাড়তে পারে। তবে এর ফলে দক্ষিণ এশিয়ার প্রচলিত নিরাপত্তা সমীকরণে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা তথ্য বিনিময় ও যৌথ মহড়ার মতো সহযোগিতা বাড়লে ভারতের আগ্রহ আরও বাড়তে পারে। তবে বাংলাদেশের কোনো নতুন প্রতিরক্ষা সহযোগিতাকে সরাসরি ভারতবিরোধী পদক্ষেপ হিসেবে দেখা ঠিক হবে না। বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে।


ভারত-ইসরাইল ঘনিষ্ঠতার পাল্টা প্রভাব : মক্কা চুক্তির পর দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পাল্টা সামরিক মেরুকরণ নিয়েও প্রশ্ন উঠছে। চুক্তি স্বাক্ষরের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। 

এতে ভারত-ইসরাইল প্রতিরক্ষা সম্পর্কের সম্ভাব্য নতুন মাত্রা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চুক্তির প্রতিক্রিয়ায় ভারতের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নিলে দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা তীব্র হতে পারে। এর প্রভাব শুধু ভারত-পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো ছোট দেশগুলোকেও এর চাপ মোকাবিলা করতে হতে পারে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মক্কা চুক্তি  ঢাকা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: