আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির

রংপুর ব্যুরো

সারাদেশ

নীতি-নৈতিকতার প্রশ্নে কোনো আপস নয়— সত্য ও ন্যায়ের পথেই চলতে হবে। সততা, ন্যায়পরায়ণতা ও আদর্শের মূল্য সবকিছুর ঊর্ধ্বে। রংপুর জিলা

2026-08-29T14:24:17+00:00
2026-08-29T14:24:17+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সারাদেশ
রংপুরে চার হত্যাকাণ্ড
আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম 
আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির। ছবি : সময়ের আলো
নীতি-নৈতিকতার প্রশ্নে কোনো আপস নয়— সত্য ও ন্যায়ের পথেই চলতে হবে। সততা, ন্যায়পরায়ণতা ও আদর্শের মূল্য সবকিছুর ঊর্ধ্বে। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

ন্যায়বিচারের প্রতি সমাজের দৃঢ় দায়িত্ববোধ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তাদের মতে, এ ধরনের অবস্থান সমাজে ন্যায়, মানবিকতা ও নৈতিকতার মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রংপুর আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলার মিলনায়তনে চার হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রংপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট এ কে এম হারুন উর রশীদ, বার ভবন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, এ ঘোষণা আমাদের সবার। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কয়েকজন সরকারি আইনজীবী এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পাশেই আমরা রয়েছি। আইনগত সব ধরনের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।

আফতাব উদ্দিন বলেন, গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের পর পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনা উদ্ধার করা হয়েছে। আটক দুজন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে তিনি জানান।


তিনি আরও বলেন, পুলিশের তৎপরতা ও সাংবাদিকদের সহযোগিতায় এখন পর্যন্ত তদন্ত ও আইনগত কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তারা মনে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের গুজব ও মনগড়া গল্প প্রচার না করার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে তিনি অনুরোধ করেন, এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না এবং কোনো ধরনের গুজব ছড়াবেন না।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রংপুর আইনজীবী সমিতি রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আসামি  আইনি লড়াই  রংপুর  আইনজীবী সমিতি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: