সীতাকুণ্ডে গোলাগুলি : এখনো হয়নি মামলা, নেই পুলিশি তৎপরতা

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একাধিক

2026-09-03T20:31:28+00:00
2026-09-03T20:53:28+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ
সীতাকুণ্ডে গোলাগুলি : এখনো হয়নি মামলা, নেই পুলিশি তৎপরতা
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৮:৫৩ পিএম
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু ঘটনার ২ দিন পার হলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর )  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

Advertisement
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর অনুসারী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দীনের অনুসারীরা পৃথক কর্মসূচি ঘোষণা করায় সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে পৌর এলাকার হাসান গোমস্তা মসজিদসংলগ্ন মাইক্রো স্টেশন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও নির্বিচারে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন এবং সীতাকুণ্ড সদরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সংঘর্ষের সময় পুলিশের সামনেই একটি পিকআপ থেকে অস্ত্র নামিয়ে মহড়া দেওয়া হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে বেশ কয়েকজন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পাঞ্জাবি পরে লাইট মেশিনগান (এলজি) হাতে ফাঁকা গুলি ছুড়তে দেখা যাওয়া যুবক সিরাজুল ইসলাম সীতাকুণ্ডের বাসিন্দা নন। তিনি পাশের মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং ভাড়ায় আনা সন্ত্রাসী বলে জানা গেছে। এছাড়া, লাল টি-শার্ট ও মাথায় পট্টি পরে গুলি ছুড়তে দেখা যাওয়া অপর যুবকের নাম মোড সাদেক, যার বাড়ি সীতাকুণ্ডের মহালঙ্কা এলাকায়।

এই প্রকাশ্য অস্ত্রের মহড়া ও সংঘাতের ঘটনায় দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন দাবি করেছেন, ভাড়ায় আনা এসব অস্ত্রধারী আসলাম চৌধুরীর লোক এবং তার সঙ্গে এসব অস্ত্রধারীর ছবিও রয়েছে। অন্যদিকে আসলাম চৌধুরী দাবি করেন, অস্ত্রধারীরা সবাই কাজী সালাউদ্দিনের অনুসারী এবং কোনো অস্ত্রধারীর সঙ্গেই তার কোনো সম্পর্ক নেই।


স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার এবং আসন্ন সংসদীয় আসন নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই বিরোধের সৃষ্টি হয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসনে বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশে আসলাম চৌধুরী শপথ নিতে পারেননি এবং আদালত আসনটি শূন্য ঘোষণা করেন। এরপর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থী কাজী সালাউদ্দিন ও আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে মাঠ দখলের লড়াই চলে আসছে। বিশেষ করে কোরবানির ঈদের পর আসলাম চৌধুরী আগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করায় কাজী গ্রুপের ক্ষোভ আরও তীব্র হয়।

দিনের আলোয় ও পুলিশের সামনে এমন প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সংঘাতের ঘটনায় কোনো মামলা বা গ্রেফতার না হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা দেয়নি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে অস্ত্রধারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   সংঘর্ষ  বিএনপি  মামলা  গ্রেফতার  সীতাকুণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: